Ridge Bangla

বেগম জিয়ার আদর্শেই দেখানো পথ ধরেই বিএনপির রাজনীতি এগোবে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদর্শ, জনগণের প্রতি তাঁর অঙ্গীকার এবং তাঁর দেখানো পথ অনুসরণ করেই বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনগুলো ভবিষ্যতে এগিয়ে যাবে। একই আদর্শ ধারণ করেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্ব দিয়ে যাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানীর জিয়া উদ্যানে বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় খালেদা জিয়াকে কারাগারে পাঠিয়েছিল। তিনি পায়ে হেঁটে কারাগারে প্রবেশ করেছিলেন। কিন্তু কারাগারের ভেতরেই তাঁর বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও চক্রান্ত চলেছে। সময়মতো ও সঠিক চিকিৎসা থেকে তাঁকে বঞ্চিত করা হয়েছে। এমনকি তাঁর খাবার ও চিকিৎসা ব্যবস্থাপনা নিয়েও সন্দেহের অবকাশ রয়েছে বলে মন্তব্য করেন রিজভী।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, যে নেত্রীকে দেশবাসী পায়ে হেঁটে কারাগারে যেতে দেখেছে, সেই নেত্রী দীর্ঘ অসুস্থতার পর হুইলচেয়ারে করে কারাগার থেকে বের হয়েছেন। দীর্ঘদিন তাঁকে হাসপাতালে থাকতে হয়েছে। এর পেছনে গভীর ষড়যন্ত্র ছিল বলে অভিযোগ করেন তিনি। রিজভীর দাবি, বেগম খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে নিঃশেষ করার পাশাপাশি শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা চালানো হয়েছে। তবে এসব দমন-পীড়ন ও ষড়যন্ত্রের মধ্যেও খালেদা জিয়ার আদর্শ ও ত্যাগ বিএনপির রাজনীতিতে অনুপ্রেরণা হয়ে থাকবে।

This post was viewed: 23

আরো পড়ুন