বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা জাতীয় নির্বাচনের সঙ্গে কোনো প্রভাব রাখবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক সভায় তিনি এ মন্তব্য করেন।
সভায় আমীর খসরু বলেন, বেগম জিয়ার অসুস্থতা কোনোভাবেই নির্বাচনের প্রক্রিয়া বা ফলাফলের সঙ্গে সম্পর্কিত নয়। তিনি সবসময়ই চান ভোটের মাধ্যমে জনগণ তাদের সরকার নির্বাচন করতে পারুক। গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম জিয়া দীর্ঘদিন ধরে যে সংগ্রাম করেছেন, তা দেশের জন্য দৃষ্টান্তস্বরূপ।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চিকিৎসকদের অনুমতি মিললেই তাকে লন্ডনে নেওয়া হবে। এতে দেশীয় রাজনৈতিক কার্যক্রম ও নির্বাচনের কোনো প্রভাব পড়বে না। আমীর খসরু সভায় বিএনপির নির্বাচনী প্রস্তুতি এবং দলের নেতা-কর্মীদের একত্রিত থাকার ওপরও গুরুত্ব দেন। তিনি বলেন, দলের অভ্যন্তরীণ সংগঠন ও সাধারণ জনগণের সাথে সমন্বয় রেখে বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, দেশের নাগরিকদের ভোটাধিকার রক্ষা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য দলের সকল পদক্ষেপ অব্যাহত থাকবে। কোনো ব্যক্তির স্বাস্থ্যগত সমস্যা দেশের ভোট প্রক্রিয়া প্রভাবিত করতে পারবে না।