Ridge Bangla

বেগম জিয়ার অসুস্থতার জন্য হাসিনা দায়ী: রুহুল কবির রিজভী

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবনতির জন্য আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (৩ ডিসেম্বর) নয়াপল্টনে জাতীয়তাবাদী কৃষকদল আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে কখনো আপস করেননি বেগম খালেদা জিয়া। এ কারণেই জনগণের ভালোবাসা সব সময় তার প্রতি অবিচল ছিল এবং এখনো আছে। তিনি দাবি করেন, রাজনৈতিকভাবে প্রতিকূল পরিস্থিতিতেও বেগম জিয়া দেশের স্বার্থে অনেক কঠিন সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এর উদাহরণ হিসেবে তিনি ১৯৯৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনকে ঘিরে সংঘাত এড়াতে বেগম জিয়ার নেওয়া তত্ত্বাবধায়ক সরকারের সিদ্ধান্তের কথা উল্লেখ করেন।

তিনি আরও অভিযোগ করেন, যেসব রাজনৈতিক শক্তি সহিংসতা ঘটিয়ে তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলেছিল, পরবর্তীতে ক্ষমতায় এসে তারাই সেই ব্যবস্থা বাতিল করেছে। রিজভীর অভিযোগ, শেখ হাসিনা জনগণের ওপর আস্থা না রেখে নিজের ইচ্ছামতো দেশ পরিচালনা করেছেন। অথচ ১৯৯৫–৯৬ সালে পরিবহনে আগুন দেওয়ার মতো সহিংসতা সৃষ্টির মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে উস্কে দিয়েছিলেন তিনিই।

বেগম জিয়ার অসুস্থতা প্রসঙ্গে রিজভী বলেন, ‘আজ বেগম জিয়ার যে শারীরিক অবস্থা, তার পেছনে প্রধান কারণ শেখ হাসিনার প্রতিহিংসামূলক আচরণ।’ তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ায় ও পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ায় তার শারীরিক জটিলতা বেড়েছে।

This post was viewed: 24

আরো পড়ুন