বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বেকার ভাতা’ যুবকদের জন্য অপমানজনক। জামায়াত ক্ষমতায় এলে যুবসমাজকে ভাতা নির্ভর না করে কর্মক্ষম ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা হবে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস ময়দানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, যুবসমাজ দেশের সবচেয়ে বড় সম্পদ। তারা করুণা বা দয়া নয়, কাজের সুযোগ চায়। ২০২৪ সালের আন্দোলনে যুবকরা ভাতা পাওয়ার জন্য নয়, কাজ ও মর্যাদার দাবিতে জীবন দিয়েছে। জামায়াত যুবকদের হাতে বেকার ভাতা তুলে দেবে না; বরং তাদের দক্ষতা বৃদ্ধি করে উৎপাদনশীল শক্তিতে পরিণত করবে।
তিনি বিএনপির প্রস্তাবিত বেকার ভাতা ও ফ্যামিলি কার্ড কর্মসূচির সমালোচনা করে বলেন, এসব উদ্যোগ দিয়ে সাধারণ মানুষ, বিশেষ করে কৃষকদের বিভ্রান্ত করা হচ্ছে। যাঁরা আজ কৃষকের পক্ষে কথা বলেন, তাঁদের শাসনামলেই সারের দাবিতে কৃষকদের গুলি করে হত্যা করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।
বিগত সরকারের কঠোর সমালোচনা করে জামায়াত আমির বলেন, গত শাসনামলে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। জামায়াত ক্ষমতায় গেলে পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং লুট হওয়া অর্থ উদ্ধার করা হবে।
ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, নির্বাচিত হলে এ প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মানের গবেষণা কেন্দ্রে পরিণত করা হবে এবং কৃষিকে শিল্পখাতে রূপান্তর করে বিপ্লব ঘটানো হবে।
আইনশৃঙ্খলা বাহিনীর বেতন ও কর্মঘণ্টা পুনর্মূল্যায়নের কথাও তুলে ধরেন তিনি। বক্তব্য শেষে তিনি ময়মনসিংহ বিভাগের ১১টি আসনের জোট প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং ভোটারদের ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।