Ridge Bangla

বুয়েট শিক্ষার্থীদের ‘লংমার্চ টু ঢাকা’ আজ

তিন দফা দাবিতে আজ রাজধানীতে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি পালন করতে যাচ্ছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টা থেকে শাহবাগ মোড়ে এ কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। প্রকৌশলী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক সাকিবুল হক লিপু মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে জানান, সকাল ১০টা থেকে শাহবাগে শিক্ষার্থীরা জড়ো হবেন। তিনি বলেন, “সারা দেশের সব প্রকৌশল ও বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।”

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো—

১. ইঞ্জিনিয়ারিংয়ের ৯ম গ্রেড (সহকারী প্রকৌশলী বা সমমান পদ) এ প্রবেশের ক্ষেত্রে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক করতে হবে এবং কেবল বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের নিয়োগ দিতে হবে। কোটার মাধ্যমে বা সমমান পদ তৈরি করে পদোন্নতির সুযোগ রাখা যাবে না।
২. টেকনিক্যাল ১০ম গ্রেড বা উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষা বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রিধারী উভয়ের জন্য উন্মুক্ত করতে হবে।
৩. বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ প্রকৌশলী উপাধি ব্যবহার করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি নন-অ্যাক্রিডেটেড বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে যথাযথ প্রক্রিয়ায় আইইবি-বিএইটিই অ্যাক্রিডেশনের আওতায় আনতে হবে।

এর আগে মঙ্গলবার বিকেল ৪টার দিকে বুয়েটের সাবেক শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে হত্যার হুমকির প্রতিবাদে শাহবাগ অবরোধ করে শিক্ষার্থীরা। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।

This post was viewed: 40

আরো পড়ুন