Ridge Bangla

বিশ্বজুড়ে নববর্ষের আমেজ, স্বাগত জানাচ্ছে বিভিন্ন দেশ

নতুন বছর ২০২৬-কে বিশ্বের বুকে সবার আগে স্বাগত জানিয়েছে প্রশান্ত মহাসাগরীয় কয়েকটি দ্বীপদেশ। আন্তর্জাতিক সময়মান (ইউটিসি) অনুযায়ী রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে নতুন বছরে প্রবেশ করে কিরিবাতির লাইন আইল্যান্ডস। নতুন বছরের সূচনাকে ঘিরে সেখানে আতশবাজি, ঐতিহ্যবাহী নৃত্য ও নানা সাংস্কৃতিক আয়োজনে উৎসবমুখর হয়ে ওঠে জনজীবন।

এরপর পর্যায়ক্রমে নতুন বছরে পা দেয় নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চল। অস্ট্রেলিয়ার সিডনিতে বরাবরের মতো এবারও নববর্ষ উদযাপনের কেন্দ্রবিন্দুতে ছিল বিখ্যাত অপেরা হাউজ ও হারবার ব্রিজ এলাকা। মধ্যরাতে সেখানে অনুষ্ঠিত হয় বর্ণিল ও চোখধাঁধানো আতশবাজির প্রদর্শনী, যা বিশ্বের কোটি কোটি দর্শক সরাসরি সম্প্রচার ও অনলাইন মাধ্যমে উপভোগ করেন।

বিবিসিসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, কিছু সময় পর নতুন বছর শুরু হয় দক্ষিণ কোরিয়া ও জাপানে। জাপানে ইংরেজি নববর্ষ সরকারি ছুটির দিন হওয়ায় এটি দেশটির অন্যতম বড় উৎসবে পরিণত হয়েছে। নববর্ষকে কেন্দ্র করে পরিবার ও সামাজিক জীবনে বিশেষ আয়োজনের পাশাপাশি মন্দির ও উপাসনালয়ে প্রার্থনায় অংশ নেন বহু মানুষ।

জাপান ও দক্ষিণ কোরিয়ার পর নতুন বছরে প্রবেশ করে চীনসহ পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশ। এর মধ্যে রয়েছে ফিলিপাইন, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। এসব দেশে আতশবাজি, কনসার্ট, ধর্মীয় প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করা হয়।

This post was viewed: 27

আরো পড়ুন