বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার খবরের পর পাকিস্তানের বয়কটের গুঞ্জন উঠলেও তা নাকচ করেছে পিসিবি। বরং বিশ্বকাপকে সামনে রেখে পাকিস্তান শক্তিশালী দল ঘোষণা করেছে।
পিসিবি বিশ্বকাপের জন্য শক্তিশালী ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। এর আগে আইসিসি বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডের নাম ঘোষণায় পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি তীব্র নিন্দা জানান এবং সরকারের সঙ্গে বিশ্বকাপ বয়কট নিয়ে আলোচনার ইঙ্গিত দেন।
মহসিন নাকভি বলেন, ভারত ও পাকিস্তান অতীতে যে বিশেষ সুবিধা পেয়েছে, বাংলাদেশের ক্ষেত্রেও আইসিসির সেই একই হাইব্রিড মডেল বা ভেন্যু বদলের নীতি অনুসরণ করা উচিত।
পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের সম্ভাবনা নিয়ে নাকভি জানান, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পাকিস্তান সরকার। প্রধানমন্ত্রী বর্তমানে দেশের বাইরে থাকায় তিনি ফিরলেই এ বিষয়ে পিসিবির পরবর্তী পদক্ষেপ পরিষ্কার করা হবে।
পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে এমন সম্ভাবনা নেই। কারণ তারা শক্তিশালী বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে। তাই বোঝা যায়, তাদের বক্তব্য মূলত বাংলাদেশের প্রতি সমর্থন জানানো এবং ভারতের বিপক্ষে অবস্থান নেওয়ার কৌশল মাত্র।