সংযুক্ত আরব আমিরাতের আল হাবতুর গ্রুপ পরিবার গঠনে উৎসাহ দিতে তাদের আমিরাতি কর্মীদের জন্য ৫০ হাজার দিরহাম অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে। বিয়ের পর দুই বছরের মধ্যে সন্তান জন্ম দিলে এই অনুদান দ্বিগুণ করা হবে। এই ঘোষণা দিয়েছেন গ্রুপটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খালাফ আল হাবতুর।
আল হাবতুর গ্রুপের প্রতিষ্ঠাতা এক পোস্টে বলেন, বিবাহ ও পরিবার গঠন কেবল ব্যক্তিগত বিষয় নয়, বরং এটি সামাজিক ও জাতীয় দায়িত্ব, কারণ এর মাধ্যমেই জাতি ও কমিউনিটি টিকে থাকে। তিনি উল্লেখ করেন, সরকার যুবসমাজকে পারিবারিক জীবন শুরু করতে সহায়তা দিচ্ছে, তবে নাগরিকদের বিবাহ ও পরিবার গড়ে তুলতে সমাজের সকল পক্ষের বাস্তব উদ্যোগ প্রয়োজন।
দুবাইয়ের এই ধনকুবের আরও বলেন, চলতি বছরে আল হাবতুর গ্রুপে কর্মরত কোনো আমিরাতি যুবক বা তরুণী বিয়ে করলে তিনি ৫০ হাজার দিরহাম অনুদান দেবেন। বিয়ের পর দুই বছরের মধ্যে সন্তান জন্ম দিলে এই সহায়তা দ্বিগুণ হবে।
২০২৫ সালে সংযুক্ত আরব আমিরাতের জনসংখ্যা প্রায় ১ কোটি ১৫ লাখ, যার মধ্যে স্থানীয় নাগরিক প্রায় ১৫ শতাংশ। দেশটির ফেডারেল ও স্থানীয় সরকার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নাগরিকদের আর্থিক সহায়তা দিচ্ছে এবং সরকারি-বেসরকারি খাতে তাদের অর্থনৈতিক অংশগ্রহণ বাড়াতে কাজ করছে।