বিনিয়োগ বৃদ্ধি এবং রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে দেশের বাণিজ্য খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, রপ্তানি আয় বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা উন্নয়নে সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। এ লক্ষ্যে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
মন্ত্রী আরও জানান, পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সময় সম্পাদিত বিভিন্ন বাণিজ্য চুক্তি পর্যালোচনা করা হবে। এসব চুক্তির বাস্তবায়ন ও দেশের স্বার্থ সংরক্ষণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে বর্তমান সরকার। একই সঙ্গে বৈশ্বিক বাণিজ্যে চলমান স্থবিরতা কাটিয়ে উঠতে আন্তঃদেশীয় বাণিজ্য জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
এর আগে সকালে ঢাকা থেকে বিমানে সিলেটে পৌঁছান মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর দলীয় নেতাকর্মীরা তাঁকে স্বাগত জানান। এ সময় জেলা ও বিভাগীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন। বিমানবন্দর থেকে সার্কিট হাউজে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি সরকারের শিল্প ও বাণিজ্য খাত-সংশ্লিষ্ট বিভিন্ন পরিকল্পনা ও অগ্রাধিকারমূলক কর্মসূচির কথা তুলে ধরেন।