Ridge Bangla

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে মঙ্গলবার থেকে দেশের সব মেডিকেল কলেজে ক্লাস-পরীক্ষা বন্ধ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে সম্ভাব্য বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশ সরকার দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ক্লাস ও অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।

৯ মার্চ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন জানান, ১০ মার্চ থেকে মেডিকেল কলেজগুলোর ক্লাস ও অভ্যন্তরীণ পরীক্ষা বন্ধ থাকবে এবং ঈদের ছুটি শেষে স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে। তবে মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো নিজেরাই নেবে।

এর আগে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ঈদুল ফিতরের ছুটি এগিয়ে এনে ৯ মার্চ থেকে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়, যা প্রধানমন্ত্রীর নির্দেশনায় নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় এখন মেডিকেল কলেজগুলোর ক্লাস-পরীক্ষাও স্থগিত করা হলো।

বর্তমান বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় সকল পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়ন এবং পবিত্র রমজান উপলক্ষে আজ থেকে ঈদুল ফিতর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে উল্লেখিত তারিখ পর্যন্ত সব বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।

নির্দেশনায় বলা হয়েছে, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য দিনের বেলায় প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে এবং অপ্রয়োজনীয় লাইট ব্যবহার পরিহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজন ছাড়া লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনারসহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে এবং এয়ার কন্ডিশনারের তাপমাত্রা কমপক্ষে ২৫ ডিগ্রি সেলসিয়াসে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগের সময় সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।

এছাড়া করিডোর, সিঁড়ি ও ওয়াশরুমে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার বন্ধ রাখা, বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করা, অফিস শেষে সব বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখা, অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করা, গাড়ির ব্যবহার সীমিত রাখা এবং জ্বালানি সাশ্রয়ে সচেতন থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

This post was viewed: 2

আরো পড়ুন