Ridge Bangla

বিদেশযাত্রায় গ্রামবাসীর অসহযোগিতা: মাইক ভাড়া করে গালাগাল করা সেই যুবককে টাকা দিল ব্যাংক

কিশোরগঞ্জের হোসেনপুরের সারোয়ার হোসেন রাব্বি, যিনি গ্রামবাসীর অসহযোগিতায় বিদেশ যেতে না পেরে মাইক ভাড়া করে এলাকাবাসীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ভাইরাল হয়েছিলেন, অবশেষে তার বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। রাব্বি জানিয়েছেন, আগামী ৩০ অক্টোবর সৌদি আরবের উদ্দেশে দেশ ত্যাগ করবেন তিনি।

এর আগে রাব্বি গত ১৬ অক্টোবর দুপুরে টাকার অভাবে বিদেশ যেতে না পেরে মাইক ভাড়া করে এলাকাবাসীকে গালাগাল করার একটি ভিডিও নিজের ফেসবুক একাউন্টে প্রকাশ করলে তা মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরে বিষয়টি নজরে আসলে তার সঙ্গে যোগাযোগ করে প্রবাসী কল্যাণ ব্যাংক কিশোরগঞ্জ শাখা থেকে তাকে দুই লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে, যা তার বিদেশযাত্রার পথ খুলে দিয়েছে।

দক্ষিণ পানান গ্রামের হতদরিদ্র পরিবারের সন্তান রাব্বি জানান, এর আগেও টাকার অভাবে দু’বার বিদেশ যাওয়ার সুযোগ হারান তিনি। এবারও এক লাখ টাকার অভাবে যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছিল। এলাকার বিত্তশালী ব্যক্তিদের বাড়িতে ঘুরেও কোনো সাহায্য পাননি তিনি। এমনকি এনজিও থেকে লোকজন বাড়িতে এসে টাকা দেওয়ার কথা বলে পরে আর সাহায্য করেনি। ক্ষোভে ৫০০ টাকা দিয়ে মাইক ভাড়া করে স্থানীয়দেরকে কুরুচিপূর্ণ ভাষায় গালাগাল করেন তিনি।

রাব্বি বলেন, প্রতিবেদন প্রকাশের পর প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়। প্রয়োজনীয় কাগজ জমা দেওয়ার পর দুই লাখ টাকা ঋণ পাই। এখন টিকিট হাতে ইনশাআল্লাহ ৩০ অক্টোবর রওনা দেব। আমার স্ত্রী, সন্তান ও মা আছে, তাদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলাই আমার লক্ষ্য।

This post was viewed: 35

আরো পড়ুন