Ridge Bangla

বিটিসিএল এমভিএনও সিমের কারিগরি পরীক্ষা সফল, ৮ ফেব্রুয়ারি পাইলট চালুর প্রস্তুতি

দেশে প্রথমবারের মতো রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর (এমভিএনও) সিমের কারিগরি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষামূলক পর্যায়ে ভয়েস কল, ডাটা সেবা ও ইন্টারনেট ব্রাউজিংসহ প্রয়োজনীয় সব কারিগরি কার্যক্রম সফলভাবে কাজ করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি জানান, এমভিএনও সিমের প্রোভিশনিং টেস্ট সফলভাবে সম্পন্ন হয়েছে এবং প্রথম সিমটি নেটওয়ার্কে সচল রয়েছে।

ফয়েজ আহমদ তৈয়্যব জানান, বিটিসিএল এমভিএনও সেবার আওতায় আনলিমিটেড ভয়েস ও ডাটা কন্ডিশনাল প্যাকেজ, এন্টারটেইনমেন্ট সুবিধা এবং ‘আলাপ’ টেলিফোনি অ্যাপের মাধ্যমে আলাপ-টু-আলাপ আনলিমিটেড কলের ব্যবস্থা রাখা হচ্ছে। পাশাপাশি নির্দিষ্ট মিনিটের ভয়েস কল, ন্যূনতম ১০ জিবি মোবাইল ইন্টারনেট ও জিপন (GPON) ইন্টারনেট সেবার সঙ্গে বান্ডেল সুবিধা যুক্ত করা হবে।

তিনি আরও জানান, প্রাথমিক পর্যায়ে সিমের মাধ্যমে ভয়েস কল, ডাটা কল, ইন্টারনেট ব্রাউজিংসহ সব সেবা সফলভাবে পরীক্ষিত হয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারি বিটিসিএল এমভিএনও সেবার কমার্শিয়াল পাইলট কার্যক্রম চালু করার পরিকল্পনা রয়েছে।

বিটিসিএল সূত্রে জানা গেছে, এমভিএনও সিম চালু হলে প্রতিষ্ঠানটি বিভিন্ন মোবাইল অপারেটরের সিম বিক্রির সুযোগ পাবে। প্রাথমিকভাবে সরকারি মোবাইল অপারেটর টেলিটকের সিম বিক্রি করা হবে। এতে গ্রাহকরা বিটিসিএলের নিজস্ব সেবার পাশাপাশি টেলিটকের নেটওয়ার্ক সুবিধাও গ্রহণ করতে পারবেন।

This post was viewed: 5

আরো পড়ুন