Ridge Bangla

বিগত ১৫ বছর ভোটের নামে প্রহসন চলেছে: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত ১৫ বছর ধরে দেশে নির্বাচনের নামে জনগণের সঙ্গে প্রহসন করা হয়েছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে জনগণের সরকার প্রতিষ্ঠা করা জরুরি। তিনি বলেন, দেশের প্রকৃত মালিক ২০ কোটি মানুষ। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে পারলেই দেশে দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক ইনসাফের সরকার প্রতিষ্ঠা সম্ভব হবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশে কর্মসংস্থান সৃষ্টি হবে, অর্থনীতি ঘুরে দাঁড়াবে এবং সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করা হবে।

তারেক রহমান অভিযোগ করেন, আসন্ন নির্বাচনকে ঘিরে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। একটি পক্ষ বিদেশি শক্তির ওপর নির্ভর করে ভোটের ফল প্রভাবিত করার চেষ্টা করছে। তিনি নেতাকর্মী ও সাধারণ মানুষকে এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান।

বিএনপি চেয়ারম্যান বলেন, “কেউ যায় পিণ্ডি, কেউ যায় দিল্লি- আমাদের অবস্থান বাংলাদেশে, দেশের মানুষের পাশে।” তিনি উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া কখনো দেশের মানুষকে ছেড়ে যাননি এবং বিএনপিও জনগণের রাজনীতি করে এসেছে। তিনি আরও বলেন, এবারের নির্বাচন শুধু সরকার পরিবর্তনের নয়, এটি রাষ্ট্র পুনর্গঠন ও দেশ গড়ার নির্বাচন। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনাই বিএনপির মূল লক্ষ্য। এ সময় তিনি ভোটের দিন তাহাজ্জুদের নামাজ আদায় করে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।

This post was viewed: 11

আরো পড়ুন