ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে দেশটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, সাম্প্রতিক দমন-পীড়নে ইরানে ২ হাজার ৪০০-এর বেশি বিক্ষোভকারী নিহত হয়েছে।
বিক্ষোভ দমাতে ইরান কঠোর পদক্ষেপ নিয়েছে। ২৬ বছর বয়সী ইরফান সোলতানির মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যেকোনো সময় এই দণ্ড কার্যকর করা হতে পারে। বিশ্বজুড়ে এই ঘটনায় উদ্বেগ বাড়ছে। তার স্বজনরা বিবিসি পার্সিয়ানকে জানিয়েছেন, গত সপ্তাহে আটক সোলতানির মৃত্যুদণ্ড বুধবার কার্যকর হওয়ার কথা ছিল। তবে তা কার্যকর হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। মানবাধিকার সংস্থা হেনগাও জানিয়েছে, মাত্র দুই দিনের মধ্যে মামলাটি চূড়ান্ত হওয়া ‘অভূতপূর্ব দ্রুততা’।
সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “যদি তারা বিক্ষোভকারীদের ফাঁসি দেয়, তবে আপনারা অনেক কিছু দেখতে পাবেন। আমরা খুব শক্ত পদক্ষেপ নেব।”
ইন্টারনেট বন্ধ থাকায় বন্দিদের সঙ্গে যোগাযোগ কঠিন হয়ে পড়েছে। মানবাধিকারকর্মীরা আশঙ্কা করছেন, কোনো আগাম নোটিশ ছাড়াই মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে।