বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কখনো মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না। মুক্তিযুদ্ধ, গণতন্ত্র, উন্নয়ন ও অসাম্প্রদায়িকতার প্রশ্নে দলটি বরাবরই আপোষহীন অবস্থানে রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা শহরের পৌর কমিউনিটি সেন্টারে ৬ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত এক নির্বাচনী গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, তিনি নিজে মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন এবং মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বিএনপির কোনো আপস নেই। ঠাকুরগাঁও একটি শান্তিপূর্ণ জনপদ উল্লেখ করে তিনি বলেন, এ এলাকায় হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টানরা যুগ যুগ ধরে একসঙ্গে বসবাস করে আসছে। এই অসাম্প্রদায়িক ঐতিহ্য রক্ষা করা সবার দায়িত্ব।
তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করছে এবং যারা কখনো বাংলাদেশকে মনেপ্রাণে চায়নি, তারাই আজ ধর্মের অপব্যবহার করছে।
আসন্ন নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ১২ ফেব্রুয়ারি সঠিক সিদ্ধান্ত নিতে পারলে আগামী পাঁচ বছরের জন্য দেশ স্থিতিশীলতার পথে এগিয়ে যাবে।
মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান সবাই একসঙ্গে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে। সেই মুক্তিযুদ্ধের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, দলটি ক্ষমতায় এলে কৃষিভিত্তিক শিল্প ও কলকারখানা গড়ে তোলা হবে। পাশাপাশি যুবকদের জন্য কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এবং দেড় বছরের মধ্যে এক কোটি যুবকের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে।