বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকায় বিপুল সংখ্যক মানুষের সমাগমের কারণে সৃষ্ট অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দুঃখপ্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারসহ দেশে ফিরেছেন। তাঁকে অভ্যর্থনা জানাতে সারা দেশ থেকে ঢাকায় বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে, যা শহরকে এক জনসমুদ্রে পরিণত করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “ঢাকা মহানগরীতে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির কারণে স্বাভাবিক জনজীবনে কষ্ট-দুর্ভোগের সৃষ্টি হওয়াতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গভীরভাবে মর্মাহত। এই অনাকাঙ্ক্ষিত দুর্ভোগ ও অসুবিধার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।”
অন্যদিকে, তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠান শেষে রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা স্বেচ্ছাশ্রমে পরিষ্কার করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। শুক্রবার সকাল থেকেই দলীয় নেতাকর্মীরা বর্জ্য অপসারণের কাজ শুরু করেন।
ভোরবেলায় মঞ্চের সামনের এলাকায় অসংখ্য ভাঙা গাছ পড়ে থাকতে দেখা যায়। পাশাপাশি সড়ক ও আশপাশের এলাকায় যত্রতত্র খাবারের প্যাকেট, পলিথিন, প্লাস্টিকের বোতল, বাঁশ, প্ল্যাকার্ড, কাঠ ও ব্যানারসহ নানা ধরনের আবর্জনা ছড়িয়ে ছিল। দলীয় নেতাকর্মীরা দলবদ্ধভাবে এসব বর্জ্য সংগ্রহ করে নির্ধারিত স্থানে সরিয়ে নেন। এই পরিচ্ছন্নতা অভিযানে ঢাকা মহানগর উত্তর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছিল যে, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত জনসমাবেশের ফলে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে, বিমানবন্দর সড়ক ও সংলগ্ন এলাকায় সৃষ্ট বর্জ্য অপসারণ করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি।