Ridge Bangla

বিএনপিকে ভোট দিতে চান ৭০ শতাংশ মানুষ: ইএএসডি জরিপ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এক বেসরকারি জরিপে দেখা গেছে, দেশের প্রায় ৭০ শতাংশ ভোটার বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) ভোট দিতে আগ্রহী। একই জরিপে ১৯ শতাংশ মানুষ জামায়াতে ইসলামীর প্রতি সমর্থন জানিয়েছেন। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ২ দশমিক ৬ শতাংশ ভোটারের সমর্থন।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএএসডি) পরিচালিত এই জরিপের ফল সোমবার বিকেলে রাজধানীর ফার্মগেটের কেআইবি মিলনায়তনে প্রকাশ করা হয়। জরিপে দেশের ৩০০ সংসদীয় আসন থেকে সরাসরি ২০ হাজার ৪৯৫ জন ভোটারের মতামত নেওয়া হয়। জরিপ কার্যক্রম পরিচালিত হয় ২০২৫ সালের ২০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ১ জানুয়ারি পর্যন্ত।

জরিপে ‘আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন’- এমন প্রশ্নে ৭০ শতাংশ উত্তরদাতা বিএনপিকে সমর্থন জানান। জামায়াতের পক্ষে মত দিয়েছেন ১৯ শতাংশ, অন্যান্য দল পেয়েছে ৫ শতাংশ এবং ভোট দেবেন না বলে জানিয়েছেন মাত্র ০.২ শতাংশ মানুষ।

নারী ভোটারদের মধ্যে বিএনপির সমর্থন তুলনামূলক বেশি। জরিপে অংশ নেওয়া ৭১ শতাংশ নারী ভোটার বিএনপিকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন। ভৌগোলিকভাবে চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে বিএনপির সমর্থন সর্বোচ্চ ৭৪ শতাংশ। তবে বরিশাল ও খুলনা বিভাগে জামায়াত তুলনামূলক শক্ত অবস্থানে রয়েছে।

জরিপে আরও দেখা যায়, আওয়ামী লীগের সাবেক ভোটারদের ৬০ শতাংশ এবার বিএনপিকে ভোট দিতে চান। সরকার গঠনের সম্ভাবনা সম্পর্কিত প্রশ্নে ৭৭ শতাংশ উত্তরদাতা মনে করেন, আগামী নির্বাচনের পর বিএনপিই সরকার গঠন করবে।

This post was viewed: 17

আরো পড়ুন