Ridge Bangla

বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, বাহরাইনের জুফায়র এলাকায় অবস্থিত মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

আইআরজিসি এক বিবৃতিতে জানায়, ইরানের কেশম অঞ্চলের একটি পানির প্ল্যান্টে যুক্তরাষ্ট্রের হামলার জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তাদের দাবি, ওই হামলার ফলে আশপাশের বহু এলাকায় পানি সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এর আগে অভিযোগ করেন, মার্কিন হামলার কারণে অন্তত ৩০টি গ্রামের পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। তিনি এ ঘটনাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে উল্লেখ করেন।

এদিকে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলার সময় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় নাগরিকদের শান্ত থাকার এবং দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।

তবে হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। মার্কিন কর্তৃপক্ষের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

This post was viewed: 3

আরো পড়ুন