Ridge Bangla

বায়তুল মোকাররমে ঈদের জামাত, দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারা দেশের মতো রাজধানীতেও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে মুসলিম উম্মাহর বৃহত্তম ধর্মীয় উৎসব। এক মাস সিয়াম সাধনার পর ঈদের দিনে নাজাতের কৃতজ্ঞতা ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে মসজিদ ও ঈদগাহগুলোতে নেমেছে মুসল্লিদের ঢল।

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে শনিবার (২১ মার্চ) সকাল থেকেই ছিল উৎসবের আমেজ। ইসলামিক ফাউন্ডেশনের নির্ধারিত সূচি অনুযায়ী সকাল ৭টা, ৮টা ও ৯টায় তিনটি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত শুরুর আগেই মসজিদ প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বিপুল সংখ্যক মুসল্লিকে মসজিদের বাইরে রাস্তায় কাতারবদ্ধ হয়ে নামাজ আদায় করতে দেখা যায়।

সকাল ৭টার প্রথম জামাতে ইমামতি করেন মাওলানা মিজানুর রহমান। দ্বিতীয় জামাতে ইমামতি করেন মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী এবং তৃতীয় জামাতে মাওলানা মো. জাকির হোসেন। প্রতিটি জামাত শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে মহান আল্লাহর কাছে গুনাহ মাফ, রমজানের আমল কবুল এবং দেশের ওপর থেকে সব ধরনের বিপদ-আপদ দূর করার প্রার্থনা করা হয়।

এদিকে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয় প্রধান ঈদ জামাত। এতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দেশের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। রাষ্ট্র ও সরকার প্রধানের উপস্থিতিকে কেন্দ্র করে ঈদগাহ এলাকায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

This post was viewed: 3

আরো পড়ুন