Ridge Bangla

বাড্ডায় যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ, আতঙ্কে নগরবাসী

রাজধানীর বাড্ডা এলাকায় মাত্র দুই দিনের ব্যবধানে আবারও যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উত্তর বাড্ডা এলাকায় মিরপুরগামী একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে তাৎক্ষণিকভাবে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত ৮টা ৩৫ মিনিটে অছিম পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পাওয়ার পরপরই আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।”

প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তর বাড্ডার এএমজেড হাসপাতালের সামনের সড়কে বাসটি চলাচলের সময়ই হঠাৎ আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুন লাগার সঙ্গে সঙ্গে যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান। এতে বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানান তারা। এ ঘটনায় বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল ইসলাম বলেন, কে বা কারা বাসে আগুন দিয়েছে তা এখনো নিশ্চিত নয়। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে বাড্ডার গুদারাঘাট এলাকায় একটি চলন্ত বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেসময়ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

This post was viewed: 24

আরো পড়ুন