মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতির মধ্যেই উত্তেজনা অব্যাহত থাকায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও বাড়তে শুরু করেছে। বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল সীমিত থাকায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। শুক্রবার (১০ এপ্রিল) ভোরে এশিয়ার বাজারগুলোতে লেনদেন শুরুর পর থেকেই তেলের মূল্যে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা গেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার এশিয়ার বাজারে লেনদেন শুরুর পরপরই ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৯৬.৭৫ ডলারে গিয়ে ঠেকেছে। এটি আগের দিনের তুলনায় প্রায় ০.৮৭ শতাংশ বেশি। একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারেও অপরিশোধিত তেলের দাম বেড়েছে ১ শতাংশের বেশি।
বিশ্লেষকরা বলছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বর্তমানে একটি নাজুক যুদ্ধবিরতি চললেও লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান পরিস্থিতির আরও অবনতি ঘটিয়েছে। এই অস্থিতিশীল পরিবেশ বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। সাপ্লাই চেইন বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কায় জ্বালানি তেলের বাজার অস্থিতিশীল হয়ে উঠছে।
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের সংকট নিয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সমালোচনা করে তিনি বলেন, আন্তর্জাতিক এই গুরুত্বপূর্ণ রুটে জাহাজ চলাচলের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে ইরান ব্যর্থ হচ্ছে। একই সঙ্গে তিনি সাফ জানিয়ে দেন, জাহাজ চলাচল থেকে কোনো ধরনের ফি আদায়ের চেষ্টা করা হলে তা বরদাশত করা হবে না। যুক্তরাষ্ট্রের এই কঠোর অবস্থানের ফলে তেলের বাজারে নতুন করে প্রভাব পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।