যুক্তরাজ্য বাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে। ব্রিটিশ ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস জানিয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা ও উগ্রবাদী হামলার ঝুঁকি রয়েছে—এই আশঙ্কার কারণেই ভ্রমণ নির্দেশিকাটি প্রকাশ করা হয়েছে।
ব্রিটিশ সরকারের জরুরি বার্তায় বলা হয়েছে, নির্বাচনী প্রচারণা শুরুর পর দেশজুড়ে উত্তেজনা বেড়েছে এবং রাজনৈতিক সমাবেশ ও ভোটকেন্দ্রে উগ্রবাদী হামলার আশঙ্কা রয়েছে। এফসিডিও জনসমাগমপূর্ণ স্থানে থাকার ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছে এবং নাগরিকদের বড় জমায়েত এড়িয়ে চলতে ও স্থানীয় কর্তৃপক্ষের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছে।
ভ্রমণ নির্দেশিকায় পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানে অত্যাবশ্যক ছাড়া ভ্রমণ না করতে বলা হয়েছে, কারণ সেখানে নিয়মিত সহিংসতা ও অপরাধমূলক কর্মকাণ্ডের খবর রয়েছে। এফসিডিও সতর্ক করেছে যে, সরকারি ভ্রমণ পরামর্শ অমান্য করে কেউ উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় গেলে তার ট্রাভেল ইন্স্যুরেন্স বাতিল হতে পারে, ফলে দুর্ঘটনার সময় আইনি ও আর্থিক সুরক্ষা নষ্ট হওয়ার ঝুঁকি থাকবে।