Ridge Bangla

বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন পাকিস্তানের

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে এ তথ্য জানান।

পাকিস্তান এ সিদ্ধান্ত নেওয়ার মূল কারণ হিসেবে তুলে ধরেছে, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদ। এর আগে ভারত বাংলাদেশের বিপরীতে ম্যাচে অংশ নিতে অস্বীকৃতি জানায়। ফলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। শুরু থেকেই বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছে পাকিস্তান।

প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, “আমরা টি–২০ বিশ্বকাপ নিয়ে স্পষ্ট অবস্থান নিয়েছি। ভারতের বিপক্ষে খেলব না, কারণ খেলার মাঠে রাজনীতি থাকা উচিত নয়।” তিনি আরও বলেন, “আমরা এই সিদ্ধান্ত খুবই বিবেচনামূলকভাবে নিয়েছি। আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে থাকা উচিত। ভারতের বিরুদ্ধে ম্যাচ বর্জন ছিল উপযুক্ত সিদ্ধান্ত।”

উল্লেখ্য, ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোতে পাকিস্তানের ভারতের বিপক্ষে ম্যাচ হওয়ার কথা ছিল। তবে পাকিস্তান ইতোমধ্যে জানিয়ে দিয়েছে, তারা এই ম্যাচে অংশ নেবে না। আইসিসি পাকিস্তানের এই সিদ্ধান্তকে সতর্কতার সঙ্গে দেখছে। সংস্থার সূত্র জানায়, ভারতের বিপক্ষে ম্যাচ না খেললে পাকিস্তানকে শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি হতে হতে পারে।

This post was viewed: 4

আরো পড়ুন