Ridge Bangla

বরিশালের বেলস পার্কে অবৈধ স্থাপনা উচ্ছেদ

বরিশাল নগরীর ঐতিহ্যবাহী পর্যটন ও বিনোদন কেন্দ্র বেলস পার্কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। বুধবার (২৬ জুন) পরিচালিত অভিযানে পার্কের একাংশে গড়ে ওঠা অর্ধশতাধিক অবৈধ দোকানপাট সরিয়ে দেওয়া হয়।

বিসিসি’র উচ্ছেদ শাখার কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষা উপলক্ষে বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীদের নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে প্রতিষ্ঠানটির সীমানা প্রাচীর ঘেঁষে থাকা প্রায় ৫০টি অবৈধ দোকান সাময়িকভাবে উচ্ছেদ করা হয়েছে। তিনি আরও জানান, পরীক্ষা শেষে এসব দোকান পুনঃস্থাপন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বেলস পার্কের চারপাশে দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ স্থাপনা। এতে পার্কটির নান্দনিকতা ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। গণমাধ্যমে একাধিকবার এসব বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হলেও বিসিসি তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।

এইচএসসি পরীক্ষার জন্য পার্কের একাংশে অবৈধ দোকান উচ্ছেদ করা হলেও অপর অংশে থাকা দোকানগুলো বহাল রয়েছে। এতে করে নগরবাসীর একাংশ অসন্তোষ প্রকাশ করেছেন। তারা বলছেন, কেবল অস্থায়ী নয়, পার্কের পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় সকল অবৈধ স্থাপনা স্থায়ীভাবে উচ্ছেদ করা প্রয়োজন। সেই সঙ্গে ঐতিহ্য রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার দাবি জানিয়েছেন তারা।

This post was viewed: 163

আরো পড়ুন