Ridge Bangla

বরগুনায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পেট্রোল বোমা নিক্ষেপ-অগ্নিসংযোগ

বরগুনার সার্কিট হাউস মাঠে স্থাপিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) রাত ১১টার পর এ ঘটনা ঘটে। এতে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যা শেয়ার করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বরগুনা জেলা শাখার সভাপতি রেজাউল কবির রেজা। ভিডিওটিতে দেখা যায়, এক যুবক আগুন জ্বালিয়ে স্মৃতিস্তম্ভের দিকে নিক্ষেপ করছে। এরপর আরেকজন হাতে থাকা পেট্রোল বোমা ছুড়ে দেয়। সঙ্গে সঙ্গে স্তম্ভটি জ্বলে ওঠে।

ভিডিওর অডিওতে শোনা যায়, একজন বলছে, “দে।” এরপর পেট্রোল বোমায় আগুন ধরিয়ে তা নিক্ষেপ করা হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে আরেকজনকে বলতে শোনা যায়, “চল চল,” এবং সবাই দ্রুত স্থান ত্যাগ করে।

ঘটনার পর রেজাউল কবির রেজা তার ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট করে লিখেছেন, “বরগুনা সার্কিট হাউসের সামনে কথিত জুলাই স্তম্ভে আগুন। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী জুলাই স্মারক বরগুনার পবিত্র মাটিতে থাকতে পারে না, থাকতে দেব না।”

এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নড়েচড়ে বসেছে। বরগুনা সদর থানার ওসি জানিয়েছেন, ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

প্রসঙ্গত, জুলাই শহীদ স্মৃতিস্তম্ভটি ২০২৪ সালের রাজনৈতিক আন্দোলনে নিহতদের স্মরণে নির্মিত হয়েছিল। স্থানীয় রাজনৈতিক উত্তাপের মধ্যেই এই অগ্নিসংযোগ নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দেশের নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির জন্য নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অঙ্গ প্রতিষ্ঠানের সদস্যরা এই ধরনের অরাজকতা সৃষ্টি করছে।

This post was viewed: 27

আরো পড়ুন