Ridge Bangla

বড় পর্দায় ফিরলেন তাসনিয়া ফারিণ

দুই বছর আগে অতনু ঘোষের ‘আরো এক পৃথিবী’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন তাসনিয়া ফারিণ। কৌশিক গাঙ্গুলির বিপরীতে অভিনয় করে দর্শকের মাঝে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। এরপর কলকাতার জনপ্রিয় নায়ক দেবের সঙ্গে কাজ করার সুযোগ পেতেও ভিসা জটিলতার কারণে তা হাতছাড়া হয়।

অবশেষে এবার সেই সুযোগ এসেছে। সম্প্রতি কলকাতায় পৌঁছেছেন তাসনিয়া ফারিণ। তিনি টালিগঞ্জের ব্যস্ত শুটিং অঙ্গন ঘুরে দেখছেন এবং সেখানে দেবের সঙ্গে দেখা করেছেন। মুখে হাসি নিয়ে ফারিণ বলেন, “শেষ পর্যন্ত দেখা হলো আমাদের।”

কলকাতার সফরের সময় চঞ্চল চৌধুরীও ছিলেন টালিগঞ্জে, ব্রাত্য বসুর পরিচালনায় ‘শিকড়’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত। ফারিণ ও চঞ্চল সেখানে সাক্ষাৎ করেন এবং পরে কোয়েল মল্লিকের নতুন ছবি ‘স্বার্থপর’ একসঙ্গে দেখার সুযোগ পান।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফারিণ বলেন, “টালিগঞ্জের কাজের পরিবেশ আমাকে মুগ্ধ করেছে। পূজার সময় কলকাতার রঙিন আবহে থাকতে বেশ উপভোগ করছি। রাজনীতি বিষয়ে কথা বলা আমার পেশার সাথে মিলছে না।” সাম্প্রতিক গুঞ্জন, পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরীর পরবর্তী সিনেমায় ফারিণ ও চঞ্চলকে একসঙ্গে দেখা যেতে পারে। তবে ফারিণ স্পষ্ট করে বলেন, “আগামী ছবিতে কে থাকবেন তা এখনো নিশ্চিত নয়। টোনিদার সঙ্গে কথা চলছে, চঞ্চলদা থাকবেন কি না জানি না।”

ফারিণ দুই বাংলার চলচ্চিত্রে পার্থক্য সম্পর্কে বলেন, “কাজের ধরনে কিছু পার্থক্য আছে। এখানকার কাজ বেশি সুসংগঠিত ও পেশাদার। তবে আমাদের দেশে এখন বড় বাজেটের কাজ হচ্ছে, তাই পেশাদারিত্ব এসেছে। ভাষা, সংস্কৃতি, পরিবেশ—সব মিলেই কাজ করার আনন্দ।”

This post was viewed: 94

আরো পড়ুন