Ridge Bangla

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে সব ইউনিট অচল, বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণ বন্ধ

দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে আবারও সম্পূর্ণভাবে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। রোববার (১৮ জানুয়ারি) সকাল ১১টা ১৫ মিনিটে কেন্দ্রটির ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিটটি বন্ধ হয়ে যাওয়ার মধ্য দিয়ে তিনটি ইউনিটই অচল অবস্থায় পড়ে।

এর আগে ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটি গত বছরের ১ নভেম্বর থেকে এবং ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দ্বিতীয় ইউনিটটি ২০২০ সালের নভেম্বর মাস থেকে বন্ধ রয়েছে। দীর্ঘ চার বছর ধরে দ্বিতীয় ইউনিটটি অচল থাকায় কেন্দ্রটির উৎপাদন সক্ষমতা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রথম ইউনিটটি চলতি মাসের ১৪ জানুয়ারি চালু করা হলেও মাত্র চার দিনের মাথায় সেটিও বন্ধ হয়ে যায়।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক জানান, প্রথম ইউনিটের বয়লারের টিউব সম্পূর্ণভাবে ফেটে যাওয়ায় উৎপাদন বন্ধ করতে বাধ্য হন তারা। প্রায় এক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বয়লার ঠান্ডা হওয়ার পর মেরামত কাজ শুরু করা হবে। তবে ইউনিটটি কবে নাগাদ পুনরায় উৎপাদনে ফিরবে, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তার মতে, প্রথম ইউনিটটি প্রায় ২০ বছর পুরোনো হওয়ায় ঘন ঘন বড় ধরনের মেরামতের প্রয়োজন হচ্ছে।

তিনি আরও জানান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অধীন বড়পুকুরিয়া কয়লা খনির ওপর নির্ভরশীল ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই কেন্দ্রটির তৃতীয় ইউনিটটি চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান হারবিন ইন্টারন্যাশনালের তত্ত্বাবধানে যান্ত্রিক ত্রুটি মেরামতের কাজ চলছে। প্রয়োজনীয় যন্ত্রাংশ চীন থেকে এলে আগামী মার্চে তৃতীয় ইউনিটটি উৎপাদনে ফিরতে পারে বলে আশা করা হচ্ছে।

This post was viewed: 11

আরো পড়ুন