Ridge Bangla

বগুড়া-৬ এর পাশাপাশি ঢাকা-১৭ আসনেও প্রার্থী হচ্ছেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনের পাশাপাশি ঢাকা-১৭ আসন থেকেও প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৮ ডিসেম্বর) ঢাকা-১৭ আসনের জন্য তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জোটগত সমঝোতার অংশ হিসেবে ঢাকা-১৭ আসনে পরিবর্তন আনা হয়েছে। বিএনপির অন্যতম শরিক বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ঢাকা-১৭ আসনের পরিবর্তে ভোলা-১ আসন থেকে জোটপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, শনিবারই ভোলা-১ আসনে আন্দালিব রহমান পার্থের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। এর আগে তিনি ঢাকা-১৭ আসন থেকে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে জোটের সিদ্ধান্ত অনুযায়ী শেষ পর্যন্ত ভোলা-১ আসনেই তার প্রার্থিতা চূড়ান্ত হয়েছে।

উল্লেখ্য, প্রথম দফায় বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করে। সে সময় দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াই একাধিক আসনে নির্বাচন করবেন বলে জানানো হয়। তখন তারেক রহমানের প্রার্থিতা কেবল বগুড়া-৬ আসনের জন্যই ঘোষণা করা হয়েছিল। দলের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, তারেক রহমানের ঢাকা-১৭ আসনে প্রার্থী হওয়া বিএনপির নির্বাচনী কৌশলে নতুন মাত্রা যোগ করবে বলে দলীয় নেতারা আশা প্রকাশ করছেন।

This post was viewed: 20

আরো পড়ুন