Ridge Bangla

বগুড়া সিটি করপোরেশন গঠন চূড়ান্ত পর্যায়ে

বগুড়াকে সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করার প্রক্রিয়া এখন চূড়ান্ত ধাপে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, বগুড়া সিটি করপোরেশন গঠন এখন দ্বারপ্রান্তে। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে খুব শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে।

তিনি আরও জানান, আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উপলক্ষে প্রধানমন্ত্রীর সম্ভাব্য বগুড়া সফরের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানানো হবে বলে তিনি আশ্বাস দেন।

এর আগে মতবিনিময় সভায় অংশ নিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে পৌঁছালে জেলা প্রশাসক তৌফিকুর রহমানের নেতৃত্বে স্থানীয় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।

সভায় বক্তব্য রাখতে গিয়ে মীর শাহে আলম বলেন, দীর্ঘদিন উন্নয়ন থেকে বঞ্চিত বগুড়ার কাঙ্ক্ষিত উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বগুড়াবাসীর প্রত্যাশা অনেক বেশি। তাই জেলার উন্নয়নে সকল সংসদ সদস্যকে নিয়ে সমন্বিতভাবে কাজ করা হবে।

মতবিনিময় সভায় বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন ও বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটনসহ জেলার বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। এছাড়া বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরাও সভায় অংশগ্রহণ করেন।

This post was viewed: 5

আরো পড়ুন