Ridge Bangla

বক্স অফিসে ৫০০ কোটির মাইলফলক পেরিয়ে ইতিহাস গড়ল রণবীরের ‘ধুরন্ধর’

বলিউড অভিনেতা রণবীর সিংয়ের জন্য সময়টা ছিল বেশ চ্যালেঞ্জিং। গত কয়েক বছরে বক্স অফিসে তার বেশ কিছু সিনেমা আশানুরূপ ব্যবসা করতে না পারায় সমালোচকদের তোপের মুখে ছিলেন তিনি। তবে সব ব্যর্থতাকে পেছনে ফেলে ঘুরে দাঁড়িয়েছেন এই তারকা। তার অভিনীত নতুন স্পাই-অ্যাকশন থ্রিলার ‘ধুরন্ধর’ এখন বক্স অফিসে বড় সাফল্য দেখাচ্ছে।

মুক্তির মাত্র ১১ দিনেই বিশ্বব্যাপী ৫০০ কোটি রুপির ক্লাব ছাড়িয়ে গেছে আদিত্য ধর পরিচালিত এই সিনেমাটি। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে এর আয় দাঁড়িয়েছে প্রায় ৫৮৮ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৮৯ কোটি টাকার বেশি। এর মাধ্যমে রণবীর সিং তার ক্যারিয়ারের অন্যতম সেরা সাফল্য পেয়েছেন।

‘ধুরন্ধর’ সিনেমাটি শুধু আয়ের দিক থেকেই নয়, বরং বেশ কিছু নতুন রেকর্ডও গড়েছে। মুক্তির প্রথম দিনে ২৪ কোটি রুপি দিয়ে যাত্রা শুরু করলেও দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়ায় আয়ের গ্রাফ দ্রুত ঊর্ধ্বমুখী হতে থাকে। এটি রণবীরের ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা হিসেবে জায়গা করে নিয়েছে, যা তার ব্লকবাস্টার হিট ‘সিম্বা’র রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। এছাড়া ‘এ’ সার্টিফিকেটপ্রাপ্ত সিনেমা হয়েও ৫০০ কোটির ক্লাবে নাম লেখানো ভারতের মাত্র চতুর্থ সিনেমা এটি।

সিনেমাটির সাফল্যে রণবীর সিং সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। ভক্তদের উদ্দেশে তিনি লিখেছেন, ভাগ্যের একটি সুন্দর নিয়ম আছে, ঠিক সময়ে এটি বদলে যায়।

একজন ভারতীয় গুপ্তচরের অভিযানের গল্প নিয়ে নির্মিত এই সিনেমায় রণবীরের পাশাপাশি অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর মাধবন এবং অর্জুন রামপালের মতো অভিনেতারা। ২৮০ কোটি টাকার বাজেটে নির্মিত এই ছবিটি ২০২৫ সালের বলিউডের অন্যতম সফল প্রজেক্ট হিসেবে জায়গা করে নিয়েছে।

বিশ্লেষকদের ধারণা, সিনেমাটি যেভাবে এগোচ্ছে, তাতে শিগগিরই এটি রণবীরের ক্যারিয়ারের সর্বোচ্চ আয়কারী সিনেমা ‘পদ্মাবত’-এর রেকর্ডকেও চ্যালেঞ্জ জানাতে পারে।

This post was viewed: 19

আরো পড়ুন