Ridge Bangla

বক্স অফিসে সফল, কিন্তু ৬ দেশে নিষিদ্ধ ‘ধুরন্ধর’

অভিনেতা আদিত্য ধর পরিচালিত বলিউড সিনেমা ‘ধুরন্ধর’ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকেই রেকর্ড গড়া ব্যবসা করছে। বিশ্বজুড়ে ইতিমধ্যেই ছবিটির আয় ৩০০ কোটি রুপির বেশি ছাড়িয়েছে। তবে এই অভূতপূর্ব সাফল্যের মাঝেই আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের ধাক্কার মুখে পড়েছে সিনেমাটি।

মধ্যপ্রাচ্যের ছয়টি দেশ সিনেমাটির প্রেক্ষাগৃহে প্রদর্শনের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে। নিষেধাজ্ঞা জারি করা দেশগুলো হলো বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ছবিটিতে পাকিস্তানবিরোধী বার্তা থাকার অভিযোগে সংশ্লিষ্ট দেশগুলোর সেন্সর বোর্ড মুক্তির অনুমোদন দেয়নি। তবে এ বিষয়ে এখনো কোনো দেশ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি।

প্রযোজনা সংস্থার সূত্র জানায়, মধ্যপ্রাচ্যে বিপুলসংখ্যক প্রবাসী ভারতীয় এবং হিন্দি সিনেমার বড় বাজার থাকায় সেখানে মুক্তির জন্য তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু সব প্রচেষ্টা ব্যর্থ হয় এবং দেশগুলো নিষেধাজ্ঞা প্রত্যাহারে সম্মত হয়নি।

এর আগেও একাধিক বলিউড চলচ্চিত্র মধ্যপ্রাচ্যের কিছু দেশে নিষেধাজ্ঞার মুখে পড়েছে। ‘ফাইটার’, ‘স্কাই ফোর্স’, ‘দ্য ডিপ্লোম্যাট’, ‘আর্টিকেল ৩৭০’, ‘টাইগার ৩’ এবং ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর মতো ছবিও শুরুতে নিষিদ্ধ হয়েছিল। পরবর্তীতে কিছু ক্ষেত্রে, যেমন ‘ফাইটার’-এর ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

‘ধুরন্ধর’ একটি ভারতীয় গুপ্তচরের পাকিস্তানে দুঃসাহসী অভিযানের গল্প নিয়ে নির্মিত। ছবিটিতে অভিনয় করেছেন রণবীর সিং, সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, অর্জুন রামপাল, আর. মাধবন এবং শিশুশিল্পী সারা অর্জুনসহ একাধিক তারকা।

বাণিজ্যিক সাফল্য ও আন্তর্জাতিক বিতর্ক- এই দুইয়ের মাঝেই এগিয়ে চলেছে ‘ধুরন্ধর’। এখন দর্শক ও চলচ্চিত্রশিল্পীদের নজর থাকবে, ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের দেশগুলো এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে কি না, সে দিকেই।

This post was viewed: 35

আরো পড়ুন