যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি বিমানবন্দরের নাম পরিবর্তন করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে রাখা হচ্ছে। অঙ্গরাজ্যটির আইনসভায় এ-সংক্রান্ত একটি বিল পাস হয়েছে। খবর এএফপির।
বিশ্বজুড়ে নিজের নামে অসংখ্য বহুতল ভবন নির্মাণ করে পরিচিতি পাওয়া আবাসন ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প এখন দেশের বিভিন্ন স্থাপনায় নিজের নাম যুক্ত করার এক নজিরবিহীন প্রচারণায় নেমেছেন।
ফ্লোরিডার রিপাবলিকান-নিয়ন্ত্রিত আইনসভা পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট’ করার বিলটি অনুমোদন করেছে। অঙ্গরাজ্যের গভর্নর রন ডিস্যান্টিস খুব শিগগিরই বিলে সই করবেন বলে আশা করা হচ্ছে। একসময় ট্রাম্পের ঘোর বিরোধী থাকলেও ডিস্যান্টিস এখন এই পদক্ষেপের সমর্থক।
বালুকাময় সৈকত এবং বিলাসবহুল প্রাসাদের জন্য পরিচিত পাম বিচ শহরটি ট্রাম্পের মার-এ-লাগো বাসভবনের খুব কাছেই অবস্থিত। বিমানবন্দরের এই নাম পরিবর্তনের জন্য এখন কেবল ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) চূড়ান্ত অনুমোদনের প্রয়োজন হবে।
অনুমোদন পেলে এটি হবে ট্রাম্পের নামে নামকরণ করা সর্বশেষ কোনো প্রতিষ্ঠান। এদিকে যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট নিশ্চিত করেছে যে, ট্রাম্পের ছবি সংবলিত ১ ডলারের একটি স্মারক মুদ্রার খসড়া তৈরি করা হয়েছে। যদিও দেশটির প্রচলিত আইন অনুযায়ী, ক্ষমতায় থাকা কোনো ব্যক্তি বা জীবিত কোনো প্রেসিডেন্টের ছবি মুদ্রায় প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা রয়েছে।