Ridge Bangla

ফ্যামিলি কার্ড চালু ও গ্রামীণ স্বাস্থ্যব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা তারেক রহমানের

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের নারীদের ভাগ্য পরিবর্তন এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডসহ গ্রামীণ স্বাস্থ্যব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে। লক্ষ্য হচ্ছে গ্রামের মানুষ যেন প্রাথমিক চিকিৎসাসহ মৌলিক স্বাস্থ্যসেবা নিজ এলাকাতেই পেতে পারে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় নওগাঁ শহরের এটিম মাঠে জেলা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, “গত ১৬ বছরে দেশের মানুষের ভাগ্যের কোনো মৌলিক পরিবর্তন হয়নি। আমরা গ্রামকেন্দ্রিক উন্নয়ন চাই। নারীদের নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চাই, যাতে মানুষ নিরাপদে চলাচল ও শান্তিতে ঘুমাতে পারে।” তিনি অভিযোগ করেন, রাজধানীকেন্দ্রিক উন্নয়ন ও মেগা প্রকল্পের আড়ালে ব্যাপক দুর্নীতি হয়েছে।

কৃষকদের উদ্দেশে বিএনপি চেয়ারম্যান বলেন, “কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে।” তিনি জানান, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষকদের জন্য পাঁচ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করেছিলেন। বিএনপি সরকার গঠন করলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করা হবে। পর্যায়ক্রমে কৃষি কার্ড চালুর মাধ্যমে কৃষকদের বীজ ও সার সহজে সরবরাহ নিশ্চিত করা হবে।

এছাড়া তিনি জানান, ইমাম ও মুয়াজ্জিনদের জন্য মাসিক সম্মানির ব্যবস্থা করা হবে। সরকার গঠনের পর এসব প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন, ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। এজন্য ভোটারদের ব্যালট বাক্স পাহারা দেওয়ার আহ্বান জানান তিনি।

This post was viewed: 20

আরো পড়ুন