Ridge Bangla

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন, ১০ মার্চ বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সরকার ঘোষিত সামাজিক সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করতে আগামী ১০ মার্চ বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানগড় এলাকায় শাহ সুলতান বলখী (রহ.)-এর মাজার প্রাঙ্গণে নামাজের আগে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে এ তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি জানান, দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য সরকার ঘোষিত এই কর্মসূচির পরীক্ষামূলক কার্যক্রম বগুড়া থেকেই শুরু হবে। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটি হবে বগুড়ায় প্রথম সরকারি সফর। সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে।

প্রাথমিকভাবে পাইলট প্রকল্প বাস্তবায়নের জন্য বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডকে নির্বাচন করা হয়েছে। সম্ভাব্য উপকারভোগী পরিবার নির্ধারণে ইতোমধ্যে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। দরিদ্র, হতদরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের প্রকৃত অবস্থা যাচাইয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বয়ে তালিকা প্রস্তুতের কাজ চলছে।

কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসককে সভাপতি করে জেলা পর্যায়ে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে উপজেলা পর্যায়ে পৃথক কমিটি গঠন করা হয়েছে। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও মনিটরিং কমিটি করা হয়েছে, যাতে উপকারভোগী নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করা যায়।

জানা গেছে, ফ্যামিলি কার্ডপ্রাপ্ত প্রতিটি পরিবার মাসে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবে। পরিবারের একজন নারী সদস্যকে কার্ডধারী হিসেবে নিবন্ধন করা হবে। চার মাসের পাইলট প্রকল্প সফল হলে পর্যায়ক্রমে দেশের প্রতিটি উপজেলায় এই কর্মসূচি সম্প্রসারণ করা হবে।

This post was viewed: 9

আরো পড়ুন