স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যামিলি কার্ড নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করবে এবং পরিবারে তাদের অবস্থান দৃঢ় করবে। এই কার্ডের মাধ্যমে নারীরা সকলের সামনে আত্মবিশ্বাসের সঙ্গে দাঁড়াতে পারবেন এবং দুর্নীতিতে জড়িতদের জন্য কোনো ছাড় থাকবে না।
মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর সম্মিলিত ঈদগাহ আলিম মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ফ্যামিলি কার্ড শুধুমাত্র আর্থিক সহায়তা নয়, এটি নারীদের সামাজিক ও পারিবারিক অবস্থানও শক্তিশালী করবে। তিনি আরও বলেন, পরিবারে মায়েদের সম্মান বাড়ানোর মাধ্যমে নারীর ক্ষমতায়ন কার্যকর হবে।
তিনি দেশের অন্যান্য উন্নয়নমূলক উদ্যোগের কথাও তুলে ধরেন। ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের জন্য স্থান নির্ধারণ সম্পন্ন হয়েছে এবং আগামী অর্থবছরে এটি কার্যকর হবে। কৃষিক্ষেত্রে সেচ সুবিধা বৃদ্ধির জন্য বরেন্দ্র প্রকল্পের মাধ্যমে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মন্ত্রী বলেন, যুবসমাজকে মাদকমুক্ত রাখতে সকলকে সামাজিকভাবে সচেতন ও আন্দোলনে এগিয়ে আসতে হবে। মাদক প্রতিরোধে শুধু পুলিশ নয়, সমাজের প্রতিটি সদস্যকে ভূমিকা রাখতে হবে।