Ridge Bangla

ফ্যামিলি কার্ডে টাকা লাগবে না, প্রতারণা করলে পুলিশে দিন: সমাজকল্যাণ মন্ত্রী

সরকার ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ করতে কোনো ধরনের অর্থের প্রয়োজন নেই বলে জানিয়েছেন নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, একটি প্রতারকচক্র কার্ড তৈরির নামে নিরীহ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে- এমন অভিযোগ পাওয়া গেছে। কেউ এ ধরনের অর্থ দাবি করলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার রাতে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন। তিনি জানান, রাজধানীর কড়াইল বস্তি ও ময়মনসিংহের বিভিন্ন এলাকায় একটি চক্র ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে অর্থ দাবি করছে। সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, এই কার্ড সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে।

মন্ত্রী বলেন, এটি একটি ইউনিভার্সেল কার্ড হওয়ায় এখানে কোনো ভুল বা অনিয়মের সুযোগ নেই। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে সুবিধাভোগীদের তালিকা প্রস্তুত করা হবে এবং ওয়ার্ড পর্যায়ে একজন প্রথম শ্রেণির কর্মকর্তা পুরো কার্যক্রম তদারকি করবেন। ফলে কাউকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া বা অতিরিক্ত অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না।

তিনি আরও জানান, প্রথম ধাপে হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত শ্রেণির মানুষদের কার্ড দেওয়া হবে। পরবর্তী সময়ে মধ্যবিত্ত ও উচ্চবিত্ত পরিবারের নারীরাও এই সুবিধার আওতায় আসবেন। দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ৪০ শতাংশ মানুষকে অগ্রাধিকার দেওয়া হবে।

ইউনিয়ন পর্যায়ে তথ্য সংগ্রহের পর উপজেলা পর্যায়ে তা যাচাই করা হবে বলে জানান মন্ত্রী। কোনো গ্রাহক নির্ধারিত সুবিধা না পেলে অনলাইন বা অফলাইন উভয় মাধ্যমেই অভিযোগ জানাতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সরাসরি গ্রাহকের কাছে অর্থ পৌঁছে যাবে বলেও তিনি আশ্বাস দেন।

This post was viewed: 2

আরো পড়ুন