Ridge Bangla

ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (১৮ নভেম্বর) সচিবালয়ে তাঁর দপ্তরে জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজ সাক্ষাৎ করতে এলে তিনি এ মন্তব্য করেন।

জার্মান রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জার্মানি ও বাংলাদেশ পরীক্ষিত বন্ধু রাষ্ট্র এবং ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে তিনি আশা করেন। বৈঠকে রাষ্ট্রদূত নির্বাচনের তারিখ ও প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা জানান, নির্বাচন যথাসময়ে হবে বলেই সরকার আশাবাদী। তবে দিন-তারিখ নির্ধারণের বিষয়টি সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের ওপর ন্যস্ত।

তিনি বলেন, জাতীয় নির্বাচনের জন্য যেকোনো তারিখ ঘোষিত হলে আইনশৃঙ্খলা বাহিনী পূর্ণ প্রস্তুত থাকবে। শেখ হাসিনার রায় ঘোষণার পর দেশের পরিস্থিতি বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোনো অস্থিরতা নেই। কেউ পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে বলেও তিনি সতর্ক করেন।

অপরাধের মাত্রা নিয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা দাবি করেন, দেশে অপরাধ বাড়ছে না; সবই নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। সাধারণ মানুষ এখন স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে, যা তাঁর ভাষ্যমতে আগের সরকার আমলে সম্ভব হয়নি। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক) খন্দকার মো. মাহাবুবুর রহমান এবং জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন আঞ্জা কেরস্টেন উপস্থিত ছিলেন।

This post was viewed: 49

আরো পড়ুন