Ridge Bangla

ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোট হবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর: প্রধান উপদেষ্টা

আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন ও গণভোটকে শান্তিপূর্ণ, অবাধ ও উৎসবমুখর করার প্রতিশ্রুতি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) আয়োজিত ন্যাশনাল ডিফেন্স কোর্স ২০২৫ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স ২০২৫-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।

ড. ইউনূস বলেন, বাংলাদেশের কৌশলগত অবস্থান দেশকে বহুমুখী সম্ভাবনার পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। নিরাপত্তা রক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা ও বিভিন্ন জাতীয় সংকটে সশস্ত্র বাহিনীর ভূমিকা বিশেষভাবে প্রশংসনীয় বলেও মন্তব্য করেন তিনি।

কোর্স সদস্যদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, এনডিসিতে অর্জিত জ্ঞান, গবেষণা ও অভিজ্ঞতা জাতীয় নিরাপত্তা, নীতি প্রণয়ন ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও উল্লেখ করেন, নিরাপত্তা ও উন্নয়ন শিক্ষা প্রদানে এনডিসি ইতোমধ্যে আন্তর্জাতিকমানের একটি উৎকর্ষ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতিতে দক্ষ নেতৃত্ব তৈরিতে এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ড. ইউনূস বলেন, “ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশেই সম্পন্ন হবে।” এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনাও করেন।

সমাপনী অনুষ্ঠানে জানানো হয়, এ বছর এনডিসি কোর্সে ৯৬ জন অংশ নেন- বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ৪৯ জন, প্রশাসনের ১৮ জন এবং ১৮টি ভ্রাতৃপ্রতিম দেশের ২৯ জন সদস্য। এছাড়া সেনা, নৌ ও বিমানবাহিনীর ৫৬ জন কর্মকর্তা এএফডব্লিউসি ২০২৫ কোর্স সফলভাবে সম্পন্ন করেন।

This post was viewed: 39

আরো পড়ুন