Ridge Bangla

ফেনীতে অটোচালক হত্যাকাণ্ডে নিজাম হাজারীসহ ৭১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ফেনীর মহিপাল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় অটোচালক মো. সবুজ হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীসহ পলাতক ৭১ জনের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ফেনী সদর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান এই আদেশ দেন।

ঘটনাটি ঘটেছিল গত ৪ আগস্ট। আন্দোলনের সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের নির্বিচারে গুলিতে মো. সবুজ নিহত হন। পরে ১৩ আগস্ট তার ভাই মো. ইউছুফ ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় নিজাম উদ্দিন হাজারী, সাবেক চেয়ারম্যান সুষেন চন্দ্র শীল, সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীসহ ৬৫ জনের নাম উল্লেখ করা হয় এবং ৩০০–৪০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়।

ফেনী মডেল থানার তদন্ত কর্মকর্তা এসআই মো. ফারুক মিয়া জানান, গত ৯ ডিসেম্বর মোট ১২৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট আদালতে জমা দেওয়া হয়। এর মধ্যে ৫৪ জন গ্রেপ্তার হয়েছেন। সাতজনকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তবে কেউ দায় স্বীকার করেননি। অপর ৭১ জনের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। শীঘ্রই এই আদেশের কপি সংশ্লিষ্ট থানায় পাঠানো হবে।

মামলার প্রেক্ষিতে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্টের এই হত্যাকাণ্ডের ঘটনায় ফেনী মডেল থানায় মোট ২৪টি মামলা দায়ের করা হয়েছে; যার মধ্যে সাতটি হত্যা এবং ১৭টি হত্যাচেষ্টা ও সহিংসতার মামলা।

This post was viewed: 41

আরো পড়ুন