Ridge Bangla

ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি জানান, ফেডারেল ভবন সংস্কারসংক্রান্ত বিষয়ে সিনেট কমিটিকে দেওয়া সাক্ষ্যের জেরে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিওজে) ফেডারেল রিজার্ভকে সমন জারি করেছে এবং সম্ভাব্য ফৌজদারি অভিযোগের হুমকি দিয়েছে। এই প্রক্রিয়া নিয়ে তিনি নিজের অবাক হওয়ার বিষয়টি উল্লেখ করেছেন।

পাওয়েলের দাবি, সুদের হার কমাতে ফেড অস্বীকৃতি জানানোয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষোভ থেকেই এই তদন্তের শুরুটা করা হয়েছে। তাঁর মতে, এটি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতার জন্য একটি গুরুতর হুমকি। তিনি বলেন, সুদের হার নির্ধারণ হওয়া উচিত অর্থনৈতিক তথ্য ও বাস্তবতার ভিত্তিতে, রাজনৈতিক চাপ বা ভয়ভীতির মাধ্যমে নয়।

অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তিনি তদন্তের বিষয়ে কিছুই জানেন না। তবে তিনি আবারও পাওয়েলের সমালোচনা করে বলেন, ফেড চেয়ারম্যান হিসেবে তিনি ভালো কাজ করছেন না।

এতদিন ট্রাম্প-পাওয়েল দ্বন্দ্ব ছিল মূলত একতরফা। এবারই প্রথম প্রকাশ্যে শক্ত অবস্থান নিলেন পাওয়েল। তাঁর বক্তব্য, আইনের শাসনের প্রতি তিনি শ্রদ্ধাশীল হলেও চলমান প্রশাসনিক চাপের প্রেক্ষাপটে এই তদন্তকে গুরুত্ব দিয়ে দেখার প্রয়োজন রয়েছে।

This post was viewed: 5

আরো পড়ুন