ব্যালন ডি’অর জয়ের পর এবার ফিফা দ্য বেস্ট ২০২৫-এর পুরস্কারও জিতলেন উসমান দেম্বেলে। ব্যালন ডি’অর জয়ী দেম্বেলে আগে থেকেই এবারের ফিফা দ্য বেস্ট ২০২৫-এর জন্য ফেভারিট ছিলেন। পিএসজির ফরাসি এই ফরোয়ার্ড এরই মধ্যে ব্যালন ডি’অরও জিতেছেন। কাতারের রাজধানী দোহার ফেয়ারমন্ট কাতারা হলে ফিফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দেম্বেলের হাতে তুলে দেওয়া হয় বর্ষসেরার ট্রফি। নিজের ক্লাব পিএসজিকে লিগ, ফ্রেঞ্চ কাপ এবং চ্যাম্পিয়নস লিগ জেতার পেছনে রেখেছেন সবচেয়ে বড় ভূমিকা। হয়েছেন চ্যাম্পিয়নস লিগ ও লিগ ওয়ানের সেরা খেলোয়াড়ও।
এখানেই শেষ নয়। গত ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজিকে তুলতেও ছিল উসমান দেম্বেলের বড় ভূমিকা। তাই অনেকেই ধরে রেখেছিলেন, এবারের ফিফা দ্য বেস্ট ২০২৫-এর পুরস্কারটিও দেম্বেলের হাতেই উঠতে যাচ্ছে। পরিশেষে তাই হয়েছে। গ্রহের সেরা ফুটবলারের পুরস্কার উঠেছে দেম্বেলের হাতেই।
আশরাফ হাকিমি, হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পে, নুনো মেন্দেজ, কোল পালমার, পেদ্রি, রাফিনিয়া, মোহাম্মদ সালাহ, ভিতিনিয়া ও লামিন ইয়ামালকে পেছনে ফেলে শেষ পর্যন্ত সবার ওপরে জায়গা করে নেন গেল মৌসুমের চ্যাম্পিয়নস লিগ জয়ী দেম্বেলে। ফরাসি এই ফরোয়ার্ড জিতে নিয়েছেন বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত এই পুরস্কার।
নারী বিভাগে ফিফা দ্য বেস্টের সেরা খেলোয়াড় হয়েছেন বার্সেলোনার স্প্যানিশ তারকা আইতানা বোনমাতি। ব্যালন ডি’অরের পর ফিফা দ্য বেস্টেও ২০২৫ সালে সেরা নারী ফুটবলারের পুরস্কার জিতলেন তিনি। টানা তৃতীয়বার এই সম্মান পেলেন বোনমাতি।
২০২৪ সালের ১১ আগস্ট থেকে ২০২৫ সালের ২ আগস্ট পর্যন্ত পারফরম্যান্সের বিবেচনায় এই পুরস্কার দেওয়া হয়েছে। এই সময়ে দুর্দান্ত পারফর্ম করেছেন দেম্বেলে। সব প্রতিযোগিতা মিলিয়ে এই সময়ে তিনি ৩৫ গোল করেছেন এবং সতীর্থদের দিয়ে আরও ১৬টি গোল করিয়েছেন।
অনুষ্ঠানে বর্ষসেরা কোচ হয়েছেন লুইস এনরিকে। নারী বর্ষসেরা কোচ হয়েছেন সারিনা ভিগমান। বর্ষসেরা গোলরক্ষক হয়েছেন পুরুষ বিভাগে জিয়ানলুইজি দোন্নারুমা এবং নারী বিভাগে হানা হ্যাম্পটন।
২০২৫ ফিফা বর্ষসেরার পুরস্কারজয়ীদের মধ্যে পুরুষ বিভাগে বর্ষসেরা ফুটবলার উসমান দেম্বেলে এবং নারী বিভাগে আইতানা বোনমাতি। বর্ষসেরা কোচ হিসেবে পুরুষ বিভাগে লুইস এনরিকে ও নারী বিভাগে সারিনা ভিগমান নির্বাচিত হয়েছেন। বর্ষসেরা গোলের জন্য পুসকাস অ্যাওয়ার্ড (পুরুষ) পেয়েছেন সান্তিয়াগো মঁতিয়েল এবং মার্তা অ্যাওয়ার্ড (নারী) পেয়েছেন লিজবেথ ওভালে। সেরা গোলকিপার হিসেবে পুরুষ বিভাগে জিয়ানলুইজি দোন্নারুমা এবং নারী বিভাগে হানা হ্যাম্পটন নির্বাচিত হয়েছেন। ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছেন ডা. আন্দ্রেয়াস হারলাস-নয়কিং।