Ridge Bangla

ফতুল্লায় আবির ফ্যাশন গার্মেন্টসে অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জের ফতুল্লায় আবির ফ্যাশন গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে শহরতলীর শিবু মার্কেট কুতুবাইল এলাকার কারখানাটিতে হঠাৎ আগুন দেখা দেয়। দ্রুত ধোঁয়ায় এলাকা ঢেকে গেলে শ্রমিকরা আতঙ্কে বাইরে বের হয়ে আসে।

ঘটনার পরপরই নারায়ণগঞ্জের মণ্ডলপাড়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে এবং আশপাশের ভবনে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রোধ করা হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে পোশাক রপ্তানির মেশিনে অতিরিক্ত তাপমাত্রা বেড়ে যাওয়ায় ভেতরে জমে থাকা কাপড়ের ধুলোতে আগুন লাগে। এতে কারখানার ভেতর কয়েক স্থানে আগুন ছড়িয়ে পড়ে এবং ঘন ধোঁয়ার সৃষ্টি হয়।

তিনি বলেন, ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর কারণে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো শ্রমিক বা কর্মী হতাহতের খবর নেই। কারখানা ভবনও নিরাপদ রয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসায় পরিস্থিতি এখন স্বাভাবিক। ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, অগ্নিকাণ্ডের উৎস, নিরাপত্তা ত্রুটি এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নির্ধারণে তদন্ত চলছে।

This post was viewed: 21

আরো পড়ুন