ময়মনসিংহের শম্ভুগঞ্জে অবস্থিত জিকেপি কলেজে এক ছাত্রীর প্রতি পছন্দকে কেন্দ্র করে সকাল থেকে বিকেল পর্যন্ত উত্তেজনা দেখা দিয়েছে। সোমবার (১০ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কলেজ চত্বরে দুই শিক্ষার্থীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।
কলেজ সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের এক ছাত্রীকে দ্বিতীয় বর্ষের এক ছাত্র পছন্দ করত। কিন্তু একই ছাত্রীকে প্রথম বর্ষের আরেক ছাত্রও পছন্দ করায় দ্বন্দ্বের সূত্রপাত হয়। সকাল ১০টার দিকে এই মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব বাগ্বিতণ্ডায় রূপ নেয়।
পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দুই ছাত্র পাল্টাপাল্টি ধাওয়ায় জড়িয়ে পড়ে। একই সময়ে কিছু স্থানীয় বাসিন্দা কলেজের টিনশেড সীমানাপ্রাচীর ভেঙে ক্যাম্পাসে ঢুকে ভাঙচুর চালায়।
পরিস্থিতি বেগতিক হলে কলেজ কর্তৃপক্ষ দ্রুত পুলিশকে খবর দেয়। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কলেজের অধ্যক্ষ সুলতানা পারভীন বলেন, “অপরাধমূলক পরিস্থিতি এড়াতে এবং শান্তি বজায় রাখতে জরুরি সভার সিদ্ধান্তে কলেজটি অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।”
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, “এক ছাত্রীকে কেন্দ্র করে দুজনের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করতে সক্ষম হয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”