প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা বোর্ড। নিয়োগ পরীক্ষার দিন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অন্য কোনো পরীক্ষা না রাখার জন্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা বোর্ডের পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২ জানুয়ারি তিন পার্বত্য জেলা ছাড়া ৬১ জেলার কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষা অথবা শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব পরীক্ষা না রাখার বিষয়ে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বরাবর চিঠি পাঠাতে হবে এবং অন্যান্য সব মন্ত্রণালয়ের সচিবদের অনুলিপি প্রদান করতে হবে।
এতে আরও বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষার দিন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থার সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কোনো ধরনের পরীক্ষা না রাখার জন্য নির্দেশ দেওয়া হলো।