Ridge Bangla

প্রধান উপদেষ্টার সঙ্গে চীনা চিকিৎসক দলের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে আহত অগ্নিদগ্ধদের চিকিৎসাসেবা দিতে ঢাকায় আগত চীনা চিকিৎসক দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার (২৭ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনও উপস্থিত ছিলেন।

ঢাকাস্থ চীনা দূতাবাস জানায়, সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে চীনা চিকিৎসক দলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বিশেষভাবে তাদের দ্রুত সাড়া দেওয়া এবং আহতদের চিকিৎসায় নিঃস্বার্থ সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও বাংলাদেশ ও চীন স্বাস্থ্যসেবার খাতে ঘনিষ্ঠ সহযোগিতা ও পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখবে।

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, “চীন ও বাংলাদেশ সত্যিকারের বন্ধু; এই দুই দেশ সব সময় সুখে-দুঃখে একে অপরের পাশে থাকে।”

রাষ্ট্রদূত আরও জানান, দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় চীন সর্বাত্মক সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। পাশাপাশি তিনি দুই দেশের মধ্যে স্বাস্থ্যসেবা খাতে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, দক্ষতা উন্নয়ন এবং অবকাঠামো নির্মাণে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ২৪ জুলাই রাজধানীর উত্তরায় সংঘটিত বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসাসেবা দিতে চীন থেকে পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সের সমন্বয়ে একটি মেডিকেল টিম ঢাকায় আসে।

This post was viewed: 55

আরো পড়ুন