Ridge Bangla

প্রধান উপদেষ্টার বক্তব্যে সবাই একমত হবেন তা স্বাভাবিক নয়: মির্জা ফখরুল

প্রধান উপদেষ্টার বক্তব্যে সবাই একমত হবেন, এমনটা স্বাভাবিক নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তিনি বলেন, দেশের অমীমাংসিত সব রাজনৈতিক ও সাংবিধানিক প্রশ্নের সমাধান কেবল জাতীয় নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদেই সম্ভব।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষক এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্যে মতভেদ থাকতেই পারে। এটা গণতান্ত্রিক রাজনীতির স্বাভাবিক বৈশিষ্ট্য। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, দেশে এখন এমন একটি পরিবেশ তৈরি হয়েছে, যেখানে নির্বাচনই হতে পারে জাতীয় ঐক্য ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একমাত্র পথ। তিনি আরও বলেন, বিএনপি সবসময়ই ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠনের পক্ষে। আমরা মনে করি, নির্বাচনের মাধ্যমেই সেই লক্ষ্য অর্জন সম্ভব। তাই সবাইকে নির্বাচনের পথে এগিয়ে আসার আহ্বান জানাই।

গণতন্ত্রের ইতিহাসের প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, পাকিস্তান আমল থেকেই বারবার গণতন্ত্রকে হরণ করা হয়েছে। স্বাধীন বাংলাদেশেও কর্তৃত্ববাদী শাসনের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। এবার জুলাই যোদ্ধারা সেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগ সৃষ্টি করেছে এটি জাতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। তিনি আরও বলেন, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। যত দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার গঠন করা যাবে, দেশ তত দ্রুত স্থিতিশীলতার পথে ফিরবে। বিএনপি এই গণতান্ত্রিক যাত্রাকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

This post was viewed: 32

আরো পড়ুন