পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২১ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, ঈদের দিন দেশ-বিদেশের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও অনুষ্ঠানে রাজনীতিবিদ, কূটনীতিক, সিনিয়র সাংবাদিক, শিক্ষাবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানান। অনুষ্ঠানটি ঘিরে যমুনা প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
এর আগে সকালে ঈদ উপলক্ষে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় কর্মসূচি শুরু হয়। সকাল সাড়ে ৮টা থেকে জনসাধারণের জন্য রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দ্বার উন্মুক্ত করা হয়। ভোর থেকেই সেখানে মানুষের ভিড় জমতে থাকে।
সময়ের সঙ্গে সঙ্গে জনস্রোত বৃদ্ধি পেয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত বিস্তৃত হয়। বিপুল জনসমাগম সত্ত্বেও পুরো এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে তৎপরতা লক্ষ্য করা গেছে।