ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতীক বরাদ্দের আগেই নির্বাচনি প্রচারণা চালানোর ওপর কড়াকড়ি আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির নির্দেশনা অনুযায়ী, প্রতীক বরাদ্দ না হওয়া পর্যন্ত কোনো রাজনৈতিক দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কেউ নির্বাচনি প্রচারণায় অংশ নিতে পারবেন না।
সোমবার (৫ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ পরিচালক ও তথ্য কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, আইন ও নির্বাচনি আচরণবিধি অনুসারে প্রতীক বরাদ্দের পূর্বে কোনো ধরনের প্রচারণা সম্পূর্ণ নিষিদ্ধ।
ইসি জানিয়েছে, আগামী ২১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এর পর থেকেই নির্বাচনি আচরণবিধি মেনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন। এ ক্ষেত্রে পোস্টার, ব্যানার, লিফলেট, মাইকিং কিংবা সভা-সমাবেশসহ সব ধরনের প্রচারণায় নির্ধারিত নিয়ম কঠোরভাবে অনুসরণ করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে সব ধরনের নির্বাচনি প্রচারণা বন্ধ করতে হবে। অর্থাৎ ভোটের আগে নির্ধারিত ‘নীরব সময়’ কার্যকর থাকবে, যাতে ভোটাররা শান্ত পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পান। নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সকল রাজনৈতিক দল, প্রার্থী এবং সমর্থকদের আইন মেনে চলার আহ্বান জানিয়েছে। ইসি বলছে, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।