Ridge Bangla

প্রতীক্ষার অবসান, আগামীকাল ভোট উৎসব

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দেশজুড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আলোচিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নতুন নেতৃত্ব নির্বাচন এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্তে অংশ নেওয়ার এ আয়োজনকে ঘিরে সারাদেশে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। একই সঙ্গে বিরাজ করছে টানটান উত্তেজনা। বিভিন্ন আসনে প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে।

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ব্যালট পেপার ও নির্বাচন-সামগ্রী সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছে দেওয়া, ভোটকেন্দ্র প্রস্তুতকরণ, প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের দায়িত্ব বণ্টনসহ সার্বিক ব্যবস্থাপনা চূড়ান্ত করা হয়েছে। এবার ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুতে সেখানে নির্বাচন স্থগিত করা হয়েছে। ভোটগ্রহণ চলবে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করা ছাড়া আর কোনো প্রস্তুতি বাকি নেই। তিনি জানান, নিরাপত্তা নিশ্চিত করতে এবারই সর্বোচ্চ সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালত মাঠে থাকবেন।

ইসি সচিবালয়ের তথ্য অনুযায়ী, মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২২০ জন। নির্বাচনে অংশ নিচ্ছে ৫১টি রাজনৈতিক দল। মোট প্রার্থী ২ হাজার ৩৪ জন, যার মধ্যে ২৭৫ জন স্বতন্ত্র। সারাদেশে ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রের ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি কক্ষে ভোটগ্রহণ হবে। দায়িত্ব পালন করবেন প্রায় ৮ লাখ নির্বাচন কর্মকর্তা এবং নিরাপত্তায় থাকবেন প্রায় ৯ লাখ ৫৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। দেশি-বিদেশি পর্যবেক্ষকরাও নির্বাচন পর্যবেক্ষণ করবেন।

ভোট চলাকালে প্রতি দুই ঘণ্টা পরপর ভোটের হার সংগ্রহ করে ইসি সচিবালয়ে পাঠানো হবে। ভোট শেষে কেন্দ্রভিত্তিক ফলাফল প্রথমে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে যাবে, পরে তা সংকলন করে কমিশন পর্যায়ক্রমে প্রকাশ করবে। পোস্টাল ব্যালটের জন্য আলাদা কেন্দ্র স্থাপন করা হয়েছে। ফলে কিছু ক্ষেত্রে ফল প্রকাশে সামান্য সময় লাগতে পারে বলে জানিয়েছে ইসি।

নির্বাচন উপলক্ষে অনুমোদন ছাড়া ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করা হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নির্ধারিত সময় পর্যন্ত সব ধরনের জনসভা ও মিছিলও নিষিদ্ধ রয়েছে। সব প্রস্তুতি শেষ। এখন ভোটারদের অপেক্ষা উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে গিয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের। দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় রচনার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে জাতি।

This post was viewed: 4

আরো পড়ুন