Ridge Bangla

প্রতিহিংসার রাজনীতি পরিহারের আহ্বান তারেক রহমানের

গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার প্রত্যাশা জানিয়ে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৯টা ৫৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে তারেক রহমান বলেন, দীর্ঘ ১৭ বছর পর মাতৃভূমিতে ফিরে আসার দিনটি তার জীবনের জন্য অবিস্মরণীয় হয়ে থাকবে। দেশে ফেরার সময় ঢাকার রাস্তাজুড়ে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, উষ্ণ অভ্যর্থনা এবং লাখো মানুষের দোয়ার কথা স্মরণ করে তিনি সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি লেখেন, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও যারা তার ও তার পরিবারের পাশে ছিলেন এবং আশা হারাননি, তাদের সাহস ও ভালোবাসাই তাকে নতুন করে শক্তি জুগিয়েছে। নাগরিক সমাজ, তরুণ প্রজন্ম, পেশাজীবী, কৃষক ও শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষের প্রতি ধন্যবাদ জানিয়ে তারেক রহমান বলেন, জনগণের ঐক্যই বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি।

দেশে ফেরার মুহূর্তটি দায়িত্বশীলতার সঙ্গে তুলে ধরায় গণমাধ্যমের প্রতিও কৃতজ্ঞতা জানান বিএনপির এই নেতা। একই সঙ্গে নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভূমিকার প্রশংসা করেন তিনি। তার দেশে ফেরাকে স্বাগত জানানো অন্যান্য রাজনৈতিক দল ও আন্দোলনের নেতাদের প্রতিও ধন্যবাদ জানান তারেক রহমান। তিনি গণতন্ত্র, বহুদলীয় সহাবস্থান এবং জনগণের অদম্য ইচ্ছাশক্তির ওপর গুরুত্বারোপ করেন।

This post was viewed: 18

আরো পড়ুন